‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব – সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ (Shared Vision for a Better World – Affordable and Clean Energy) প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব মান দিবস ২০২৬’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিএসটিআই পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মান দিবস পালনের মূল উদ্দেশ্য হলো সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করা।” জাতীয় অগ্রগতির স্বার্থে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং খাদ্যের সঠিক মান নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্য রপ্তানিতে গুণগত মান বজায় রাখা এবং সুস্থ-সবল জাতি গঠনে মানসম্মত পণ্য উৎপাদন ও ব্যবহারে সচেতন হতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (পুরকৌশল ও যন্ত্রকৌশল) মো. মুরসালীন মাহফুজ। তিনি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বিএসটিআই-এর স্ট্যান্ডার্ড বা মানের গুরুত্ব তুলে ধরেন এবং বিএসটিআই-এর চলমান বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, “পণ্যের মান নিয়ন্ত্রণে একক কোনো সংস্থার পক্ষে শতভাগ সাফল্য অর্জন সম্ভব নয়; এজন্য সংশ্লিষ্ট সব অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।” পাশাপাশি তিনি গ্রিন এনার্জির প্রসার, বিদ্যুৎ সাশ্রয় এবং দেশীয় পণ্যের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে উৎপাদক ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অন্যতম বিশেষ অতিথি পটুয়াখালী সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জিয়াউর রহমান সর্বক্ষেত্রে ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে ব্যবসায়ীসহ সব অংশীজনকে আন্তরিক হওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান এবং পটুয়াখালী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মেহেদী হাসান।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসীন উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।







