পটুয়াখালীর দুমকিতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্ব আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) লেবুখালী দারুল কুরআন ক্যাডেট একাডেমির ৫ নম্বর শাখায় দিনব্যাপী এই প্রতিযোগিতা ও মেধা যাচাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হিফজ মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার-বিশ্লেষণ শেষে চারটি ক্যাটাগরিতে (পাঁচ, দশ, বিশ ও ত্রিশ পারা) সেরা ২৮ জন শিক্ষার্থীকে জেলা পর্যায় প্রতিযোগিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আব্দুল মতিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের দুমকি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আমানাতুল্লাহ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কুরআন মুখস্থের পাশাপাশি তাজবিদ, মাখরাজ, শুদ্ধ উচ্চারণ ও কণ্ঠস্বরের সঠিক ব্যবহারের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়।
আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ে বিজয়ী এই ২৮ জন শিক্ষার্থী পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে। জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের ধারাবাহিক ধাপ পেরিয়ে এদের মধ্য থেকে আন্তর্জাতিক পর্যায়েও দেশের হয়ে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
কুরআন হিফজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শুদ্ধ তিলাওয়াতের চর্চা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা প্রমাণের ক্ষেত্রে এ ধরনের আয়োজন অনন্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বিশিষ্টজন ও বিচারকমণ্ডলী।







