বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী ৪০ জন সদস্যের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সেরা তিনজনকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে এবং বাউফল উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রশিক্ষণ কার্যক্রমটি গত ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এনআইএলজির মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম এবং পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
ইউএনও সালেহ আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “গ্রাম পুলিশ সদস্যরা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে, যা তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিলন মিয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সবুজ, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
প্রশিক্ষণে মূল্যায়নের ভিত্তিতে প্রথম স্থান অর্জন করেন বগা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মেহেদী হাসান। দ্বিতীয় স্থান অর্জন করেন আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের দফাদার মো. রফিকুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন একই ইউনিয়নের গ্রাম পুলিশ ফিরোজ আলম। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বিজয়ী ৩ জনের হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন।







