বরিশাল প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি কে এম বাচ্চুর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক কে এম বাচ্চুকে দেখতে যান সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হাসপাতালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, কার্যনির্বাহী কমিটির সদস্য এম মোফাজ্জেল, জিয়া উদ্দীন বাবু, সাংগঠনিক সম্পাদক মামুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক আহমেদ বায়জিদ, সদস্য লিটন ও কাজী সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনের কারণে হামলার শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত এলাকায় অবস্থানকালে ছাত্রদল নেতা বাইজিদ রানা ও যুবদল নেতা হারুনের নেতৃত্বে হাতুড়িপেটা করে সাংবাদিক কে এম বাচ্চুকে গুরুতর আহত করা হয়।







