দুমকি প্রতিনিধি : পায়রা সেতুর উত্তর প্রান্তে ডিউটিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সজল আহমেদ সৈকত (৫০) নামের এক টোল কালেক্টরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালীর দুমকিতে অবস্থিত পায়রা সেতুর উত্তর টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
টোল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সজল আহমেদ সৈকত। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তার সহকর্মীরা তাকে উদ্ধার করেন এবং দ্রুত লেবুখালী সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সজল আহমেদ সৈকত ময়মনসিংহের সদর পৌর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পায়রা সেতুতে টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) বাদ জোহর পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
সৈকতের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।







