দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ‘অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) ১ম সংশোধিত’ শীর্ষক প্রকল্পের আওতায় একযোগে ৬টি নবনির্মিত স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে এসব স্থাপনার শুভ উদ্বোধন করেন।
স্হাপনাগুলো হলো ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে আবহাওয়া স্টেশন নির্মাণ। ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্রাক নির্মাণ। ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র স্হাপন। ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪ তলা খামার ভবন নির্মাণ। ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ। ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি কোঠা নির্মাণ।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মো: ওবায়েদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান বলেন, ‘‘একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে মানসম্মত অবকাঠামোর বিকল্প নেই। আজকের এই ৬টি স্থাপনা আমাদের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও বেগবান করবে। তবে শুধু অবকাঠামো তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না; এসব রাষ্ট্রীয় সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।’’
তিনি সামনে পবিপ্রবিতে আরও নতুন স্থাপনা নির্মাণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর, তদারকি কমিটি ও প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি.এম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।







