দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে মক্তবের এক ছাত্রকে (শিশু) বলাৎকারের চেষ্টার অভিযোগে ইব্রাহিম খলিল (৫০) নামের এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহেব্বিয়া হাফেজিয়া ইলমুল ক্বিরাত দীনিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম খলিল পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া এলাকার বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মক্তবে পড়ানোর জন্য ওই শিক্ষক ভুক্তভোগী ছাত্রকে ডেকে নেন। সে সময় বৃষ্টির কারণে অন্য শিক্ষার্থীরা মাদরাসায় উপস্থিত না থাকায়, শিশুটিকে একা পেয়ে ওই শিক্ষক তার সাথে অসদাচরণের (বলাৎকারের চেষ্টা) চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি কোনোমতে দৌড়ে পালিয়ে বাসায় গিয়ে পরিবারকে পুরো বিষয়টি খুলে বলে। মুহূর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ পরিবার ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে একটি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখেন। খবর পেয়ে দুমকি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ‘‘এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষককে আমাদের হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’







