কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৯ কেজি ওজনের একটি বিরল প্রজাতির ইয়েলোফিন টুনা (Yellowfin Tuna)। স্থানীয়দের কাছে এটি ‘হলুদ পাখনা টুনা’ নামে পরিচিত। এ অঞ্চলে এই প্রজাতির সামুদ্রিক মাছ সচরাচর ধরা পড়ে না।
শুক্রবার (৩১ জুলাই) কুয়াকাটা মৎস্য বন্দরের মেসার্স মনি ফিশ আড়তে বিশাল আকৃতির এই মাছটি প্রদর্শনের জন্য আনা হলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও ভিড় জমে।
জানা গেছে, গত পরশু কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকায় মাছ ধরতে যান জেলেরা। এ সময় এফবি ‘সজীব’ ট্রলারে কর্মরত জেলে জীবন মাঝি ও তার সঙ্গীদের জালে মাছটি ধরা পড়ে।
জেলে জীবন মাঝি বলেন, “এ ধরনের দামি মাছ আমাদের জালে খুব একটা ধরা পড়ে না। বিরল এই মাছটি পেয়ে আমরা খুবই আনন্দিত।”
আড়ত সূত্রে জানা যায়, মাছটির ওজন ২৮ কেজি ৯০০ গ্রাম (প্রায় ২৯ কেজি)। প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৪০ হাজার ৪৬০ টাকায় মাছটি বিক্রি হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইসমাইল হোসেন মাছটি কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠানোর প্রস্তুতি নিয়েছেন।
ক্রেতা ইসমাইল হোসেন বলেন, ‘‘এর আগে এত বড় ইয়েলোফিন টুনা দেখিনি। এটি অত্যন্ত সুস্বাদু ও মূল্যবান মাছ। ভালো দামে বিক্রির জন্য এটি ঢাকায় পাঠানো হচ্ছে।’’
ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক মো. রাশেদুল ইসলাম বলেন, ‘‘এত বড় ইয়েলোফিন টুনা আগে কখনো সামনাসামনি দেখিনি। কাছ থেকে দেখতে পেরে খুব ভালো লাগছে।’’
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, ইয়েলোফিন টুনা (Thunnus albacares) একটি বৃহৎ আকারের, উচ্চমাত্রায় পরিযায়ী পেলাজিক সামুদ্রিক মাছ। এটি বিশ্বের উষ্ণ ও উপ-উষ্ণমণ্ডলীয় সমুদ্রে বিস্তৃতভাবে পাওয়া যায়। বাংলাদেশে মূলত বঙ্গোপসাগরের গভীর সমুদ্র, বিশেষ করে দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (EEZ) এবং সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় এর বিচরণ রয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে ইয়েলোফিন টুনার ব্যাপক চাহিদা রয়েছে। তাজা, হিমায়িত, ক্যানজাত, সাশিমি ও সুশির কাঁচামাল হিসেবে এটি অত্যন্ত মূল্যবান। এছাড়া মাছটি উচ্চমানের প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন-ডি, বি-কমপ্লেক্স, সেলেনিয়াম, জিঙ্ক ও আয়রনের সমৃদ্ধ উৎস। তবে এই মূল্যবান সামুদ্রিক সম্পদ সংরক্ষণে অতিরিক্ত আহরণ রোধ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ইয়েলোফিন টুনা বিশ্বের ক্রান্তীয় ও উপক্রান্তীয় মহাসাগরের গভীর জলে বসবাসকারী দ্রুতগতির মাছ। পূর্ণবয়স্ক একটি মাছের দৈর্ঘ্য প্রায় ২.৪ মিটার এবং ওজন ২০০ কেজি পর্যন্ত হতে পারে। সাধারণত গভীর সমুদ্রে বিচরণ করলেও অনুকূল পরিবেশে মাঝে মধ্যে উপকূলীয় জলসীমাতেও চলে আসে। ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার বেগে সাঁতার কাটতে সক্ষম এ মাছ বিশ্বের অন্যতম দ্রুতগতির সামুদ্রিক মাছ হিসেবে পরিচিত।







