বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে কথিত মাদক কারবারি ও হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহার উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত আজাহার উদ্দিন খানের বিরুদ্ধে হানিট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ তোলেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহিন রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আদাবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি ওমর ফারুক ডাকুয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম বিপ্লব, ইত্তেহাদুল উম্মাহ ইনস্টিটিউটের প্রধান পরিচালক মাওলানা মুজাম্মেল হোসেন রিয়াদ, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম সিকদার, কাশিপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মারুফ মুর্তুজা প্রমুখ।
বক্তারা বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও হানিট্র্যাপের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না। অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়বে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাজিরহাট এলাকা থেকে শুরু হয়ে কাশিপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা লাল কাপড় ও ঝাড়ু প্রদর্শন করে অপরাধীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কঠোর শাস্তির দাবি জানান। একই সঙ্গে, এই হানিট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান তারা।







