দুমকি প্রতিনিধি : পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ আলতাফ হোসেন চৌধুরীর দুমকি উপজেলা সফর উপলক্ষে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় দুমকি উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং গাছের চারা রোপণের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সাথে এবং সাড়ে ১১টায় জুলাই যোদ্ধা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপুর সঞ্চালনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা মোল্লাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে দুপুর দেড়টায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন। পরে হাসপাতাল অডিটোরিয়ামে এক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতাল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. জিএম এনামুল হক, মেডিকেল অফিসার ডা. মাহাবুব আলম, ডা. ইসতিয়াক আহমদ, ডা. অতুশী উপমা ঐশী, ডা. রাফিয়া ও ডা. ফারজানা আহম্মেদসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
হাসপাতালের সামগ্রিক পরিবেশ ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।







