কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ফাঁকা বাড়িতে ঢুকে পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম শিমুল হাওলাদার ওরফে শিমুল ফিটার, যিনি মিঠাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। প্রভাবশালীদের প্রভাবে ঘটনাটি স্থানীয়ভাবে সালিস বৈঠকের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত ১০ আগস্ট উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে। তবে প্রভাবশালীর ভয়ে ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও মুখ খুলতে সাহস পায়নি হতদরিদ্র ভুক্তভোগী পরিবারটি। পরবর্তীতে গত ২৪ আগস্ট স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে ঘটনাটি জানাজানি হয়।
ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার দিন ফাঁকা ঘরে রুটি নিয়ে এসে তার মেয়ের সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে শিমুল। ভয়ে শিশুটি ও তার পরিবার কোথাও মুখ খুলতে সাহস পায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিমুল হাওলাদারের বিরুদ্ধে এর আগেও একাধিক নারীঘটিত অপরাধের অভিযোগ রয়েছে। আগের ঘটনাগুলোর বিচার না হওয়ায় তিনি এমন বেপরোয়া হয়ে এবার ছোট্ট শিশুর সঙ্গে এই জঘন্য অপরাধ ঘটিয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তারা এ ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিমুল ফিটারের ব্যবহৃত মোবাইল নম্বরে (01768642752) যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ‘ভুক্তভোগীর পরিবার থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’







