বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সরকারি পাকা সড়কের পাশের সরকারিভাবে রোপিত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই নেতার নাম মো. আলামিন (৩৫)। তিনি ধুলিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
সোমবার (৩ আগস্ট) উপজেলার ধুলিয়া ইউনিয়নের ভেরনতলা বাজার এলাকায় পাকা সড়কের পাশের সরকারিভাবে রোপিত গাছ কেটে নেন তিনি।
সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ৭/৮জন শ্রমিক মিলে গাছ কাটছেন। সকাল থেকে দুপুরের মধ্যে ১৩টি মেহগনি ও জাম্বুল প্রজাতির গাছ কাটা হয়।
শ্রমিকদের ভাষ্যমতে, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলামিন (৩৫) ওই গাছগুলো কাটাচ্ছেন। গাছগুলোর মূল্য হবে কমপক্ষে ৬০ হাজার টাকা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও আলামিন ওই সড়কের সরকারিভাবে রোপিত গাছ বিক্রি করেছেন। তখন আলামিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ফের তিনি গাছ কেটেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পক্ষ থেকে ধুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খলিল শরীফ ২০০৪-২০০৫ সালে ওই সড়কের পাশে ওই গাছগুলো রোপণ করেন।
গাছ কাটার সত্যতা স্বীকার করে আলামিন বলেন, ‘গাছ তিনি না লাগালেও তার রেকর্ডীয় জমির মধ্যে পড়েছে।’ তবে এর আগে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন আলামিন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন,গাছ কাটার খবর পেয়ে ধুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যানকে গাছগুলো জব্দ করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ধুলিয়া ইউনিয়ন পরিষদেরপ্যানেল চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম বলেন, ‘ইউএনও মহোদয়ের নির্দেশে সরেজমিনে গিয়েছি। ততক্ষণে গাছ সরিয়ে ফেলেছে। তিনটি গাছ পেয়ে জব্দ করেছি।’







