‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী এলাকায় জনকল্যাণ ট্রাস্ট ও পাঠাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, চান্দখালী জনতা মাধ্যমিক বিদ্যালয় এবং আঃ আজিজ মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৫ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় অসাধারণ লেখা উপস্থাপনকারী ৪ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান নির্ধারণের পাশাপাশি যৌথভাবে দুজনকে তৃতীয় পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চান্দখালী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এইচ এম মতিউর রহমান।
রচনা প্রতিযোগিতা শেষে জনকল্যাণ ট্রাস্ট ও পাঠাগারের সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌকিদারের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দখালী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এইচ এম মতিউর রহমান, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন মামুন, সদর উপজেলা যুবদলের সদস্য মোঃ শহিদ বিশ্বাস, বানিয়াকাঠী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক খাম, ইটবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান চৌকিদার কামাল এবং জনকল্যাণ ট্রাস্ট ও পাঠাগারের অর্থ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও পাঠাগারের সদস্যগণ উপস্থিত ছিলেন।







