বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং প্রান্তিক নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে এবং ভবিষ্যতের পুঁজি গঠনে ‘মাটির ব্যাংক’ বিতরণ করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বিলবিলাস গ্রামে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পের যুব ফোরামের আয়োজনে এবং বাউফল ইউনিয়ন লোকমোর্চা কমিটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব উপকূলীয় এলাকার নারীদের ওপর সবচেয়ে বেশি পড়ছে। এসব দুর্যোগ ও প্রতিকূলতা কাটিয়ে উঠতে নারীদের নিজস্ব সঞ্চয় ও আর্থিক স্বাধীনতা অত্যন্ত জরুরি। নারীরা আর্থিকভাবে সক্ষম হলে যে কোনো পরিবেশগত সংকট মোকাবিলা করা সহজ হয়।
এ সময় নারীদের আত্মনির্ভরশীল করা এবং ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে নিজস্ব পুঁজি গড়ে তোলার আহ্বান জানিয়ে তাদের হাতে মাটির ব্যাংক তুলে দেওয়া হয়।
এনএসএস-এর উপজেলা সমন্বয়কারী নিলুফা ইয়াসমীনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন প্রকল্প সহকারী আসমা আক্তার, স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, লোকমোর্চা কমিটির সদস্য ও উজ্জীবক সাইফুল ইসলাম। এছাড়া যুব ফোরামের প্রতিনিধি মো. তসিফ, কাকুলী বেগম, ইসিতা জাহান মুক্তা ও সাহিদা বেগমসহ এলাকার সর্বস্তরের মানুষ সভায় অংশ নেন।







