বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মধ্য মদনপুরা এলাকার ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ একটি মাটির সড়ক ৩০ বছরেও পাকা না হওয়ায় চার গ্রামের হাজার হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটিতে সংস্কারের কোনো ছোঁয়া না লাগায় বৃষ্টিতে হাঁটুসমান কাদায় পরিণত হয়ে চলাচলের পুরো অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার মধ্য মদনপুরা বদর আলী খান জামে মসজিদ থেকে শুরু করে পশ্চিম মাঝপাড়া হয়ে সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত পুরো সড়কটিই কাঁচা। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরা সড়কটিতে বৃষ্টির পানি জমে থকথকে কাদার সৃষ্টি হয়। সড়কটির পাশে রাখা বালির বস্তার ওপর ভর করে তৈরি হওয়া সরু পথ দিয়ে কোনোমতে চলাচল করছেন স্থানীয়রা। প্রায়ই পিচ্ছিল এই পথে পা পিছলে ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী, অসুস্থ রোগী, গর্ভবতী নারী ও বয়স্করা। কাদার কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় জরুরি মুহূর্তে রোগীকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। বর্ষা মৌসুমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও আশঙ্কাজনকভাবে কমে যায়।
সড়কটির করুণ চিত্র তুলে ধরে স্থানীয় বাসিন্দা নিয়াজ খান জানান, প্রায় ৩০ বছর আগে সড়কটিতে মাটির কাজ করা হয়েছিল। এরপর অনেক সরকার এলেও চার গ্রামের মানুষের চলাচলের এই পথটি পাকাকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে, সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, ‘‘শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করতেই দ্রুত এই সড়কটি নির্মাণ করা জরুরি।’’
এ বিষয়ে বাউফল উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. ফয়সাল ফরাজী জানান, সড়কটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







