গলাচিপা প্রতিনিধি : অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে পারছেন না পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কালিকাপুরের বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী লামিয়া (২১)। মেয়েকে সুস্থ করে তুলতে গিয়ে ইতোমধ্যে সর্বস্ব হারিয়ে এখন সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছেন তার পিতা রিকশাচালক আবুল কালাম।
পরিবার সূত্রে জানা যায়, গত প্রায় চার বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন লামিয়া। মেয়ের চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করতে গিয়ে পরিবারের জমানো শেষ সঞ্চয়টুকুও শেষ হয়ে গেছে। বর্তমানে ঢাকার পটুয়াখালী ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চললেও অর্থের তীব্র সংকটে নিয়মিত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
দিন এনে দিন খাওয়া রিকশাচালক আবুল কালামের একার পক্ষে এই দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ টানা আর সম্ভব হচ্ছে না। মেয়ের জীবন বাঁচাতে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের দানশীল, সামর্থ্যবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন এই অসহায় বাবা।







