পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়’-এর পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) নতুন সভাপতি পদে মনোনীত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ।
রোববার (৪ অক্টোবর) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মনোনয়ন প্রদান করা হয়।
মো. মাহফুজুর রহমান সবুজ বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং মো. আব্দুল খালেক মিয়ার কনিষ্ঠ পুত্র। পেশাগত দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ, বিনয়ী ও জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের অনুসারী মাহফুজুর রহমান সবুজ প্রজ্ঞাবান সংগঠক হিসেবে স্থানীয় ও পেশাগত অঙ্গনে সুনাম অর্জন করেছেন।
ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের শীর্ষ নেতৃত্বে একজন গুণী শিক্ষানুরাগীকে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় নব মনোনীত সভাপতি মো. মাহফুজুর রহমান সবুজ বলেন, ‘‘আমার ওপর অর্পিত এই গুরুদায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। শহীদ জিয়ার শিক্ষা ও উন্নয়ন দর্শনকে বুকে ধারণ করে এই প্রাচীন বিদ্যাপীঠকে একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।’’
মো. মাহফুজুর রহমান সবুজ সভাপতি মনোনীত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ।
এক যৌথ অভিনন্দন বার্তায় সাংবাদিক নেতৃদ্বয় বলেন, ‘‘মো. মাহফুজুর রহমান সবুজ কর্মক্ষেত্রে অত্যন্ত নির্ভীক, দায়িত্বশীল ও দূরদর্শী। পবিপ্রবিতে একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি মেধার যে স্বাক্ষর রেখেছেন, তার সেই জ্ঞানদীপ্ত নেতৃত্ব ঐতিহ্যবাহী বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়কে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।’’







