দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় শিক্ষক ও কর্মকর্তাগণ আসন্ন ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও প্রস্তাবনা উপস্থাপন করেন। একই সাথে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সার্বিক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সবাই।







