দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে পরিচালিত ব্যতিক্রমী ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
পরিদর্শন শেষে ব্র্যাকের ‘স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স’ কর্মসূচির আওতায় এলাকার মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সুইসগেট এলাকায় নোঙর করা ভাসমান শিক্ষা তরীটি সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও। সেখানে ব্র্যাক পরিচালিত গণিত, বিজ্ঞান ও মূল্যবোধভিত্তিক নানামুখী শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন তিনি।
পরবর্তীতে দুপুর ১২টায় আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ৩৫ জন সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কেল ও ফাইল।
অনুষ্ঠানে দুমকি উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম সফিকুল ইসলাম, আংগারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান সোহরাব এবং আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাবুল লস্কর উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্র্যাকের পক্ষে পটুয়াখালী জেলা কোঅর্ডিনেটর মো. নেফাজ উদ্দীন, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আবুল বাশার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসএসএফ) গোবিন্দ মজুমদার ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মো. সোহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ব্র্যাকের এই অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষার্থীদের মেধা ও মূল্যবোধ বিকাশে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রসারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।







