কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মহিষের ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আবু সালেহ (৩০) ও তাঁর বাবা নূর আলম হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আবু সালেহ জানান, তিনি দীর্ঘদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগে সম্প্রতি সুস্থ হয়েছেন। বাবার কথামতো এদিন দুপুরে তিনি মাঠে মহিষের জন্য ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ তাঁর চাচাতো ভাই আব্দুল্লাহ, আসাদুল এবং চাচা হাবিব হাওলাদার ও আবুল বাশারসহ কয়েকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালান। ছেলেকে বাঁচাতে বাবা নূর আলম এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর বিচার দাবি করেছেন।
আহত নূর আলম হাওলাদার বলেন, ‘‘আমার ছেলে মাঠে মহিষের ঘাস কাটতে গেলে আমার দুই ভাই ও তাঁদের ছেলেরা তার ওপর হামলা চালায়। আমি তাদের নিবৃত্ত করতে গেলে আমাকেও কুপিয়ে জখম করা হয়।’’
অপরদিকে, অভিযুক্ত হাবিব হাওলাদার দাবি করেন, ‘‘মহিষ আমাদের ধানের বীজ খেয়ে ফেলায় তাঁদের সঙ্গে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। তবে আমার ভাই নূর আলমকে কেউ মারধর করেনি। আবু সালেহর নিজের হাতে থাকা ঘাস কাটার কাচির আঘাতেই তিনি জখম হয়েছেন।’’
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ‘‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’







