দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে একটি যুদ্ধবিমান পুনর্স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল ক্যাম্পাসের নির্ধারিত স্থান পরিদর্শন করেছে।
বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর ৬ সদস্যের এই টেকনিক্যাল টিম পবিপ্রবিতে আসে।
টিমের নেতৃত্বে ছিলেন বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমাম। পরিদর্শনের শুরুতে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করে।
সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বিমানবাহিনীর দলটি ইউনিভার্সিটি স্কয়ারের প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করে যুদ্ধবিমান স্থাপনের সার্বিক কারিগরি ও অবকাঠামোগত সম্ভাব্যতা পর্যালোচনা করে।







