কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১০ জন জেলেসহ একটি মাছধরা ট্রলার ডুবে গেছে।
আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে বঙ্গোপসাগরের হাইরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৌভাগ্যবশত, অন্য দুটি ট্রলারের সহায়তায় নিখোঁজ সব জেলেকে নিরাপদে উদ্ধার করে তীরে ফিরিয়ে আনা সম্ভব হলেও ডুবে যাওয়া ট্রলার ও মূল্যবান মৎস্য সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র ও ট্রলারের মালিক শামিম রেজা জানান, সোমবার ভোররাতে কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের আশাখালী এলাকা থেকে ১০ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি সাগরে মাছ শিকারে বের হয়। পায়রা বন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে হাইরের চর এলাকায় পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়া, ঝড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি নিখোশ হয়ে তলিয়ে যায়।
দুর্ঘটনার পরপরই সাগরে অবস্থানরত পার্শ্ববর্তী একটি মাছধরা ট্রলার দ্রুত এগিয়ে এসে ৭ জন জেলেকে উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ৩ জন জেলে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে দুপুরের দিকে ওই এলাকা দিয়ে যাওয়া অপর একটি ট্রলার নিখোঁজ ৩ জনকেও জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত জেলেরা বর্তমানে সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে। ট্রলারের মালিক শামিম রেজা বলেন, ‘‘দুর্ঘটনায় ট্রলার ও সব সরঞ্জাম হারিয়ে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি এবং সব জেলে নিরাপদে তীরে ফিরে আসতে পেরেছেন, সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’’







