বাউফল প্রতিনিধি : ত্রয়োদশো জাতীয় সংসদের পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা দিয়েছে বাউফল প্রেসক্লাব।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাউফল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
বাউফল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, সাবেক সহসভাপতি মো. দেলোয়ার হোসেন ও বর্তমান সহসভাপতি মো. মিজানুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফলের উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষের নানাবিধ সমস্যা তুলে ধরার আহ্বান জানাচ্ছি।”
তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বদা বস্তুনিষ্ঠতা, সততা ও দায়িত্বশীলতার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।







