কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ১৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে মহিপুর থানার মৎস্য বন্দর এলাকার সুগন্ধা মার্কেট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শামসুল হক বিশ্বাস (৩৫) ও মো. ছিদ্দিক হাওলাদার ওরফে ছিদ্দিক মাঝি (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মহিপুর মৎস্য বন্দরের সুগন্ধা মার্কেট এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ শামসুল ও ছিদ্দিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ইয়াবা বিক্রির নগদ ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আসামিদের কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।







