গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় পুলিশি অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা ও পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলবেলায় উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দন এলাকায় গলাচিপা থানা-পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযানটিতে নেতৃত্ব দেন থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আ. হাকিম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামর্দন এলাকার মো. আল আমিন মীরের বসতঘর সংলগ্ন পুকুরের দক্ষিণ পাশে তল্লাশি চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা অবস্থায় ১৩৫ লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ। একই সময়ে তাঁর ছেলে মো. রাব্বি মীরের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, আটককৃত পিতা-পুত্র দীর্ঘদিন ধরে গোপনে কাঁচামাল সংগ্রহ করে চোলাই মদ তৈরি করে আসছিলেন। তাঁরা প্রস্তুতকৃত মদ ও গাঁজা খুচরা ও পাইকারি চালানে বিভিন্ন জায়গায় বিক্রি ও সংরক্ষণ করতেন বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, আটক দুজনই দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-৬০) দায়ের করা হয়েছে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।







