দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে হাসপাতালের কর্মী ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সেবাগ্রহীতা সাধারণ মানুষ অংশ নেন।
জানা গেছে, গত ১৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডা. মীর শহীদুল হাসানকে দুমকি থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। এ আদেশ অযুক্তিক দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয় কর্মসূচি থেকে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জিএম এনামুল হক বলেন, ডা. মীর শহীদুল হাসান একাধারে একজন অত্যন্ত দক্ষ প্রশাসক ও সফল চিকিৎসক। কর্মস্থলে তাঁর নিষ্ঠাপূর্ণ উপস্থিতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান যেমন বেড়েছে, তেমনি প্রশাসনিক গতিশীলতাও এসেছে। তাই হঠাৎ তাঁর বদলির সিদ্ধান্ত কার্যকর হলে উপজেলার সামগ্রিক স্বাস্থ্যসেবা দারুণভাবে ব্যাহত হবে।
একই সুর মিলিয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলম ও উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, দুমকি উপজেলায় ডা. শহীদুল হাসানের মতো দক্ষ অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক দ্বিতীয় কেউ নেই। তাঁর সুচিকিৎসায় এ অঞ্চলের প্রান্তিক ও সাধারণ মানুষ ধারাবাহিকভাবে উপকৃত হয়ে আসছেন। তাঁর বিকল্প কোনো সমমানের বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন ছাড়া এ বদলি বাস্তবায়ন করা হলে উপজেলার অসহায় রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে চরমভাবে বঞ্চিত হবেন।
কর্মসূচি শেষে উপস্থিত বক্তা ও স্থানীয় জনতা ডা. মীর শহীদুল হাসানকে দুমকিতে বহাল রাখার জোর দাবি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।







