কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও চা চক্রে মিলিত হয়েছেন কলাপাড়ার স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পর কলাপাড়া প্রেসক্লাবের ‘ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে’ এই চা চক্র অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ সদস্য কলাপাড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
চা চক্রে অংশগ্রহণের আগে এমপি মোশাররফ হোসেন কলাপাড়া প্রেসক্লাবের চতুর্থ তলার চলমান নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি প্রেসক্লাবের সার্বিক উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর তালুকদার ও মো. আলাউদ্দিন তালুকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম মোহসীন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং মহিপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।
এছাড়া সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু সহ প্রেসক্লাবে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ।







