‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতায় সমন্বয়’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা বিসিক কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিক সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা দেশের সামগ্রিক অর্থনীতি ও সার্বিক উন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শিল্প ও কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে হলে প্রযুক্তিগত উদ্ভাবন এবং সময়োপযোগী দক্ষতা অর্জনের বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল কাইয়ূম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, জেলা শিক্ষা অফিসার মুহা: মুজিবুর রহমান, জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসান, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিসিকের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







