গলাচিপা প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া পর্নোগ্রাফি বানিয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করার অভিযোগ তুলে পটুয়াখালীর গলাচিপায় সংবাদ সম্মেলন করেছেন এক প্রবীণ শিক্ষক নেতা।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় গার্লস স্কুল রোডে অবস্থিত গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শিক্ষক মু. মোশাররফ হোসাইন। তিনি উপজেলার গুয়াবাড়িয়া এ বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া তিনি গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিখিত বক্তব্যে শিক্ষক মোশাররফ হোসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘একটি চক্র আমার ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির মাধ্যমে বিকৃত পর্নোগ্রাফি তৈরি করেছে। পরবর্তীতে ‘মাসুম আহমেদ মীরা’ নামের একটি ভুয়া টেলিগ্রাম আইডি থেকে ইংরেজি ও বাংলায় ভিত্তিহীন তথ্যসহ তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।’’
তিনি আরও বলেন, ‘‘আমার দীর্ঘদিনের অর্জিত সামাজিক মর্যাদা নষ্ট করা এবং সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এটি করা হয়েছে। ইন্টারনেটে প্রচারিত এসব ছবি ও তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’’
সংবাদ সম্মেলনে তিনি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একইসাথে সাংবাদিকদের মাধ্যমে ঘটনার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।







