পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে জেলা শ্রমিক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিকেল ৩টায় শহরের ঝাউতলা এলাকা থেকে পটুয়াখালী জেলা শ্রমিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশের অস্থিতিশীলতা রোধ ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে পটুয়াখালী সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার জাতীয়তাবাদী শ্রমিক দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে লঞ্চঘাট চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশের সমাপ্তি ঘোষণার মাধ্যমে দিনের কর্মসূচি সম্পন্ন হয়।







