দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ফলাফলভিত্তিক (ওবিই) মূল্যায়নে গুণগত মান নিশ্চিতকরণ: সহায়কের উপাদান, পরিমাপক দণ্ড, সমন্বয়করণ এবং পরিমাপক’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৫৫ জন শিক্ষকের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. নেছারউদ্দিন আহমেদ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করা সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে সনাতন শিক্ষা পদ্ধতির পরিবর্তে ‘আউটকাম বেসড এডুকেশন (ওবিই)’ বাস্তবায়ন একটি বড় মাইলফলক। আমরা কেবল শিক্ষার্থীদের ডিগ্রি দিতে চাই না; চাই তারা সুনির্দিষ্ট জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করুক।’’
তিনি আরও জোর দিয়ে বলেন, ‘‘ওবিই প্রক্রিয়ার সবচেয়ে সংবেদনশীল অংশ হলো মূল্যায়ন পদ্ধতি। মূল্যায়নে স্বচ্ছতা ও পক্ষপাতহীনতা বজায় রাখতে সঠিক টুলস এবং রুব্রিক্স (Rubrics) ব্যবহার অত্যন্ত জরুরি। রুব্রিক্স একটি সুনির্দিষ্ট কাঠামোর মাধ্যমে শিক্ষার্থীদেরও স্পষ্ট ধারণা দেয় যে তাদের কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে।’’
কর্মশালায় মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খাদ্য প্রকৌশল ও কারিগরি বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ ইকবাল। তিনি দিনব্যাপী দুটি টেকনিক্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরবর্তীতে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তরি (Q&A) পর্বের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়।







