কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিযুক্ত ৩৩ জন সহকারী শিক্ষকের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রাইমারি রিসোর্স সেন্টার (ইউআরসি) হলরুমে এই সভার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন অতিথিরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহিদা বেগম বলেন, ‘‘শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। নবনিযুক্ত শিক্ষকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা নিজেদের মেধা ও মনন দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন। শিক্ষকের সততা ও সুন্দর কর্ম দিয়েই সমাজ আলোকিত হয়।’’
তিনি আরও জানান, পাঁচ দিনব্যাপী এই ওরিয়েন্টেশন শেষে আগামী ১১ অক্টোবর থেকে উপজেলায় নতুন শিক্ষকদের পদায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. ফজলুল, মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা উদ্দিন এবং জনতা ব্যাংক খেপুপাড়া শাখার ব্যবস্থাপক মো. শাহরিয়ারসহ আরও অনেকে।







