দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জি এম এনামুল হক।
রোববার (১৮ অক্টোবর) পটুয়াখালী জেলা সিভিল সার্জন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব অর্পণ করা হয়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং দুমকিবাসীর স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে ডা. জি এম এনামুল হককে ভারপ্রাপ্ত টিএইচও হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসানের বদলিজনিত কারণে পদটি শূন্য হলে তাঁকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ডা. জি এম এনামুল হক বলেন, ‘‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং সাধারণ রোগীদের সেবা প্রাপ্তির ভোগান্তি দূর করতে নিষ্ঠার সাথে কাজ করে যাব।’’
দুমকি উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নত করতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।







