গলাচিপা প্রতিনিধি : ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় মহাসমারোহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মু. খালিদ হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ ও আইসিটি অফিসার মো. ইউসুফুল ইসলাম।
এছাড়াও শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসাইন, কালারাজা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন এবং গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসাইনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, একটি আদর্শ ও সভ্য জাতি গঠনের মূল কারিগর হলেন শিক্ষকরা। শিক্ষাক্ষেত্রের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও দায়িত্ব পালনে বিদ্যমান নানা বাধা-বিপত্তি দূর করার ওপর জোর জোর তাগিদ দেন বক্তারা।







