কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। পরে দ্রুত তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা হলো—অষ্টম শ্রেণির ছাত্রী তাইফা, সাদিয়া ও নুসরাত জাহান; সপ্তম শ্রেণির ছাত্রী মারিয়া ও লাবিয়া এবং দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা, মিম, নুসরাত ও সানজিদা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে ক্লাস চলাকালীন হঠাৎ দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা অসুস্থ হয়ে পড়ে। তাকে সেবা দিতে ও দেখতে এগিয়ে আসা অন্য শিক্ষার্থীরাও একে একে অসুস্থ বোধ করতে শুরু করে। পরিস্থিতি দ্রুত অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় মোট ১০ জন শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহেও উপজেলার ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আকস্মিক অসুস্থ হয়ে পড়েছিল। একের পর এক এমন ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘‘প্রাথমিকভাবে লক্ষণ দেখে মনে হচ্ছে শিক্ষার্থীরা ‘মাস সাইকোজেনিক ইলনেস’ বা গণ মনস্তাত্ত্বিক অসুস্থতাজনিত হাইপারভেন্টিলেশনে আক্রান্ত হয়েছে। এটি সাধারণত অতিরিক্ত আতঙ্ক বা উদ্বেগের কারণে সাময়িকভাবে হয়ে থাকে। তবে ভয়ের কোনো কারণ নেই, চিকিৎসাধীন সবাই এখন শঙ্কামুক্ত আছেন।’’







