বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পিরোজপুর জেলা পুলিশ দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পটুয়াখালী জেলা পুলিশ দল।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে পটুয়াখালী পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের এই জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে উঠলে ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। নির্ধারিত সময়ের খেলায় শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শিরোপা নিশ্চিত করে স্বাগতিক পটুয়াখালী জেলা পুলিশ। টুর্নামেন্টজুড়ে চমৎকার নৈপুণ্য দেখিয়ে মোট ৭টি গোল করে সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন পটুয়াখালী দলের খেলোয়াড় সুপ্ত।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী।
পটুয়াখালী জেলা পুলিশ দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, “খেলোয়াড়দের সুন্দর সমন্বয় ও সুসংগঠিত পারফরম্যান্সের কারণেই এই জয় সম্ভব হয়েছে। এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, মনোবল ও শৃঙ্খলা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এ জাতীয় আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায় এবং একই সঙ্গে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার চমৎকার সুযোগ তৈরি হয়।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজেদুল ইসলাম সজলসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে বরিশাল রেঞ্জের ছয়টি জেলা পুলিশ দল এবং রেঞ্জ পুলিশের একটি দলসহ মোট সাতটি দল অংশ নেয়। এই টুর্নামেন্টে নৈপুণ্য দেখানো সম্ভাবনাময় খেলোয়াড়দের মধ্য থেকেই আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচের জন্য দল গঠন ও বাছাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।







