কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বজনীন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ বছর কলাপাড়া উপজেলার মোট ১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবেন। মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারির জন্য পুলিশের টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। এছাড়া নিরাপত্তা জোরদারে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপকে সিসিটিভি (CCTV) ক্যামেরার আওতায় আনা হবে এবং প্রতিটি মণ্ডপে স্থানীয় স্বেচ্ছাসেবক দল সক্রিয় ভূমিকা পালন করবে।
প্রস্তুতিমূলক এ সভায় হিন্দু সম্প্রদায়ের শতাধিক পূজার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিকভাবে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







