পটুয়াখালীর কলাপাড়ায় হামলার শিকার হয়ে অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত এবং নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ সোহাগ শিকদারকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া থানার চাকামইয়া গ্রামের মোঃ ফোরকান সিকদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট-পাটকেল দিয়ে ভিকটিম মোসাঃ তানিয়া বেগম এবং তাঁর স্বামীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। হামলার একপর্যায়ে হামলাকারীরা ভিকটিমের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাঁকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখে বলেও অভিযোগ রয়েছে।
মারধরের শিকার হয়ে গুরুতর আহত সাত মাসের গর্ভবতী তানিয়া বেগমকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভপাত ঘটে। পরবর্তীতে জন্ম নেওয়া নবজাতকটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় তানিয়া বেগম বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর কলাপাড়া থানায় সোহাগকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই প্রধান অভিযুক্ত সোহাগ শিকদারসহ অন্যান্য আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, এসআরবি-৮ এর পটুয়াখালী ক্যাম্প ও বরিশাল সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ থেকে সোহাগকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।







