পটুয়াখালী জেলায় ওয়াশ (WASH) খাতের উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে বাস্তবায়িত ‘বিল্ডিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এন্টারপ্রেনিয়ারশিপ’ (BW&SE) প্রোগ্রামের জেলা পর্যায়ের ফেজ-আউট (Phase-Out), সমন্বয় ও সমাপনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ-এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় ঢাকা আহ্ছানিয়া মিশন (DAM) এই প্রকল্প বাস্তবায়ন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, ওয়াশ উদ্যোক্তা, কমিউনিটি প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা এইচপিএ (HPA) অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারী উদ্যোক্তা নুসরাত জাহান লামিয়া।
সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী প্রদীপ মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তা। এ ছাড়া ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের অপারেশনাল ম্যানেজার সনাতন চন্দ্র দে সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম, মূল সাফল্য, প্রাপ্ত ফলাফল ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা উপস্থাপন করা হয়। আলোচনায় প্রাধান্য পায় প্রকল্প-পরবর্তী সময়ে ওয়াশ উদ্যোগগুলোর স্থায়িত্ব (Sustainability) এবং ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি। বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহব্যবস্থা (Piped Water Business), স্যানিটেশন ও ক্লিনিং সার্ভিস, কমিউনিটি গ্রুপ এবং যুব ও কিশোর-কিশোরীদের তৈরি উদ্যোগগুলো স্থানীয় ব্যবস্থাপনায় কীভাবে টেকসই রাখা যায়—সে বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ‘ডিস্ট্রিক্ট ওয়াশ প্রোফাইল’ (District WASH Profile), ‘প্রজেক্ট প্রোগ্রেস বুক’ (Project Progress Book) এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
আলোচকেরা বলেন, এলাকাভিত্তিক নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে মালিকানা ও দায়িত্বশীলতার মনোভাব গড়ে তুলতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদের সঙ্গে কার্যকর সমন্বয় অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
