মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাসুদ খাঁ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ খাঁ একই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম উত্তর ঝাটিবুনিয়া আবাসন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাসুদ খাঁকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদক উদ্ধার শেষে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।







