কলাপাড়া প্রতিনিধি : বিগত সরকারের সকল কর্মকাণ্ড অপরিকল্পিত ছিলো এবং বিভিন্ন প্রকল্পের নামে শুধু লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। তিনি জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় পটুয়াখালীর কুয়াকাটায় আয়োজিত দুই দিনব্যাপী ‘পর্যটন কার্নিভাল’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পর্যটন খাতের সার্বিক চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, “কক্সবাজার ও কুয়াকাটাসহ সারা দেশে প্রায় ১,৫০০ পর্যটন স্পট রয়েছে। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে এসব স্থান থেকে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না।”
তিনি আরও জানান, দেশের পর্যটন খাতকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে আন্তর্জাতিক মানের পরিকল্পনাবিদদের সমন্বয়ে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামানের সভাপতিত্বে ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই প্রমুখ।







