কলাপাড়া প্রতিনিধি : পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৬টায় নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরিস্থিতি বিবেচনায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মহিপুর মৎস্য আড়ত সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি মো. দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, সাগরে বর্তমানে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকায় কোনো ট্রলার গভীর সমুদ্রে নেই। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আবহাওয়ায় এমন অবনতি ঘটায় জেলেদের কপালে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।







