রাজিব সুজন : বরিশাল রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শনের অংশ হিসেবে পটুয়াখালী জেলা সফরে আসছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে জারি করা এক ভ্রমণসূচির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সরকারি গাড়িযোগে পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মহাপরিচালক। সেদিন রাত সাড়ে ৮টায় তিনি বরিশাল সেনানিবাসে পৌঁছে অবস্থান করবেন।
পরের দিন বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল থেকে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১১টায় তিনি সেখানে আয়োজিত উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী ৩১ আনসার ব্যাটালিয়নে আমন্ত্রিত অতিথিদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। কর্মসূচি শেষে একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী পৌঁছানোর কথা রয়েছে তার।
এই সরকারি সফরে মহাপরিচালকের সফরসঙ্গী হিসেবে থাকবেন আনসার-প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক শেখ ফিরোজ আহমেদ, উপপরিচালক (সমন্বয়) মোহাঃ আরিফুর রহমান, মিডিয়া পরিদপ্তরের সহকারী পরিচালক ও ‘প্রতিরোধ’ পত্রিকার সহকারী সম্পাদক মোঃ নাজমুস সাকিব।







