ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পটুয়াখালী জেলা ছাত্রদলের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবির ডিন (গ্র্যাজুয়েট স্টাডিজ) ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য বশির আহমেদ মৃধা, মিজানুর রহমান মিজান।
এছাড়াও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদানের কথা তুলে ধরেন।
আয়োজকরা জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, তাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গণতান্ত্রিক আন্দোলনের তাৎপর্য তুলে ধরতেই এ স্মরণ সভার আয়োজন করা হয়েছে।







