গলাচিপা প্রতিনিধি : গলাচিপা, দশমিনা ও বাউফল রুটে চলাচলকারী ‘দশমিনা এক্সপ্রেস’ বাসে ফিটনেসবিহীন ও অনভিজ্ঞ চালক দ্বারা গাড়ি পরিচালনার মাধ্যমে যাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এই অনিয়মের সঙ্গে নিজের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
রোববার (২ আগস্ট) প্রতিমন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। পাশাপাশি, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের মামলা করার আহ্বান জানান এবং মামলায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘‘আমার নাম ব্যবহার করে অনিয়ম, অপকর্ম করে পার পাওয়ার সুযোগ নাই। ‘দশমিনা এক্সপ্রেস’ নামে গলাচিপা, দশমিনা ও বাউফল রুটে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেসবিহীন গাড়ি পরিচালনা করে যারা মানুষকে দুর্ঘটনা ও মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ক্ষতিগ্রস্তরা এদের বিরুদ্ধে মামলা করুন। এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বরং মামলা করলে আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’’
প্রতিমন্ত্রীর এই স্পষ্ট ও কঠোর অবস্থানের পর থেকে গলাচিপা, দশমিনা ও বাউফল এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, প্রতিমন্ত্রীর এমন যুগোপযোগী পদক্ষেপে এ রুটে চলাচলকারী লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ির মালিক ও চালকরা আইনের আওতায় আসবে এবং সাধারণ যাত্রীদের যাতায়াত নিরাপদ হবে।







