কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা এলাকায় ঢাকা থেকে কুয়াকাটাগামী ‘ইমরান পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ৩০ জন পর্যটক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া ১৮ জন আহত পর্যটক হলেন— মো. কালাম (৪২), সজীব (২৬), রাবেয়া (২৩), নিজাম (৪০), বেল্লাল (২৯), আকাশ (২৬), নাজমুল (২১), ইসমাইল (২৮), মোসা. সালমা বেগম (৩২), নাজমুল (২৩), তাসফী (৩৫), সাকুর (৩২), এনামুল (৩৩), সোবাহান (৪০), ইমরান (২৪), এনায়েত (৪০), কাওসার (২১) ও নাসিমা (২২)। আহত পর্যটকরা দেশের বিভিন্ন জেলা থেকে কুয়াকাটায় আসছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটায় আয়োজিত ‘বীচ কার্নিভাল’ উপভোগ করতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা বাসটিতে সফর করছিলেন। মূল চালক নিজে গাড়ি না চালিয়ে অসাবধানতাবশত অদক্ষ সহকারীকে (হেলপার) দিয়ে বাসটি চালাচ্ছিলেন। সহকারীর অদক্ষতা ও বেপরোয়া গতির কারণে বান্দ্রা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও তাঁর সহযোগীরা পালিয়ে যায়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. সাইফুল ইসলাম জানান, ‘‘আহতদের শরীরে বিভিন্ন মাত্রার ক্ষত ও আঘাত রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’







