পটুয়াখালীতে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হোসেন হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী (দিঘিরপাড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. হোসেন হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী (দিঘিরপাড়) এলাকার মো. নুরু হাওলাদারের ছেলে। তিনি পটুয়াখালী থানার জিআর মামলা নং-৫৩৯/২০১৫-এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারনির ৭(ক) ধারায় আদালত তাকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, রোববার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।







