‘এক দেশ এক QR, লেনদেনে BANGLA QR’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ (BANGLA QR) বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে পটুয়াখালী জেলার স্থানীয় সকল ব্যাংকের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ব্যাংক (বরিশাল অফিস) এবং লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (পটুয়াখালী শাখা)।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী পিডিএস মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। পরবর্তীতে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বরিশাল জোনের ইভিপি ও জোনাল হেড মোঃ সরোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং যমুনা ব্যাংক পটুয়াখালী শাখার ম্যানেজার মোঃ আইয়ুব আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মফিজুর রহমান খান চৌধুরী বলেন, ‘‘ক্যাশলেস সোসাইটি গঠনে ‘বাংলা কিউআর’ একটি যুগান্তকারী পদক্ষেপ। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে ডিজিটাল লেনদেনের সুবিধা পৌঁছে দিতে এটি অত্যন্ত নিরাপদ ও সহজ মাধ্যম। পটুয়াখালী জেলায় এই ব্যবস্থা দ্রুত বাস্তবায়নে সব ব্যাংককে সমন্বিতভাবে কাজ করতে হবে।’’
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বরিশাল) মো: হাফিজুর রহমান ও প্রদীপ রঞ্জন দেবনাথ, অতিরিক্ত পরিচালক মো: মাহমুদুর রহমান, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন।
সভায় বক্তারা পটুয়াখালী জেলার সর্বস্তরে ‘বাংলা কিউআর’-এর ব্যবহার ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানটিতে স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
