কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় আগত পর্যটকদের সেবার মান উন্নয়ন, যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা এবং চালকদের সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার লক্ষ্যে ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল চালকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় কুয়াকাটা ডিসি বাংলো সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
কুয়াকাটা পৌর শ্রমিক দলের সভাপতি মানিক ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বাবলু বলেন, ‘‘কুয়াকাটা পুরো বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এখানে আসা পর্যটকরা যাতে উন্নত সেবা ও সুন্দর আচরণের অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন, সেই দায়িত্ব আমাদের সবার। পরিবহন চালকদের অবশ্যই পর্যটকবান্ধব আচরণ করতে হবে এবং কোনোভাবেই তাদের হয়রানি করা যাবে না।’’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জলিল সুকানি।
বিশেষ অতিথির বক্তব্যে রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘‘পর্যটনের বিকাশে নিরাপদ ও মানসম্মত পরিবহন ব্যবস্থা অত্যন্ত জরুরি। পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন, সেজন্য চালকদের দায়িত্বশীল হতে হবে। চালকদের ভালো আচরণই পর্যটকদের মনে কুয়াকাটা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে।’’
ট্যুরিস্ট পুলিশের ভূমিকা তুলে ধরে নাজমুল আহসান বলেন, ‘‘পর্যটকদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। চালকরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে নিরাপত্তা ও সেবার মান বহুগুণ বেড়ে যাবে।’’
সভায় বক্তারা জোর দিয়ে বলেন, কুয়াকাটার ভাবমূর্তি অনেকটাই নির্ভর করে স্থানীয় পরিবহন চালকসহ সেবাদানকারীদের আচরণের ওপর। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় না করা, অসৌজন্যমূলক আচরণ থেকে বিরত থাকা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করা এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখার জন্য সভায় চালকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল চালক এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।







