বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কয়েক যুগ ধরে সুপেয় পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন দেড় শতাধিক মানুষ। দীর্ঘদিন ধরে হাটুজল পেরিয়ে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবার পানি সংগ্রহ করতে হতো তাদের।
সম্প্রতি জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার এবং বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ওই এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের পানির সংকট ও যোগাযোগের দুর্ভোগের কথা জানতে পারেন। পরে জেলা পরিষদের প্রশাসক সড়ক নির্মাণের উদ্যোগ নেন।
এদিকে, ভুক্তভোগী মানুষের সুপেয় পানির সংকট দূর করতে ব্যক্তিগত অর্থায়নে একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পাওয়ার আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, সুপেয় পানির জন্য দীর্ঘদিন ধরে তাদের দূরের পথ পাড়ি দিতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে হাটুজল পেরিয়ে পানি সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন সড়ক নির্মাণের উদ্যোগ এবং গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হওয়ায় তারা আনন্দিত।
বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কোথাও সুপেয় পানির সংকট থাকবে না। পানি পেতে ভোগান্তিতে থাকা মানুষের তথ্য পেলে সরেজমিনে পরিদর্শন করে সবার জন্য নলকূপ স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে। এসময় উপস্থিত সকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।







